চিলি -

        গতকাল রাতে হঠাত করেই এক ঝলক দেখলাম ২০১৪ সালের চিলি ভার্সেস স্পেনের ম্যাচ টিভির চ্যানেল সার্ফ করতে গিয়ে আর তারপরেই কেন জানিনা, এই প্রসঙ্গে একজনের কথা আবার মনে পড়ে গেল

রোজ কতো রকমেরই মানুষের সাথেই তো আমাদের পরিচয় হয় কিন্তু সবার কথা কি মনে দাগ কাটে ?বোধহয় না কিন্তু কিছু মানুষের স্মৃতি রয়েই যায় মনের ভেতরে সব্বারই এমন একজনের গপ্পো আজ

বলছি বাচ্চুদার সেই বিচ্চু বন্ধুর কথা সেই যে... মশারীতে ফুটো ছিল বলে সেই বাড়িতে আর বিয়েই করলো না সেই বিচ্চু বন্ধুটি ! তার কথা তার অনুসন্ধিৎসু মনে সর্বদাই ঘুরে বেড়াত অজস্র জিজ্ঞাসার চিহ্ন আর সেই জন্যেই যেটা তার মাথায় যখন ঢুকতো, সেইটা নিয়েই চলতো বেশ কয়েকদিন,যতদিন না আবার নতুন কিছু জিজ্ঞাসার চিহ্ন মাথায় দেখা দেয় !  আর তার শ্রোতা ছিল খুব কম, দীর্ঘ বক্তৃতার কারনে আমরা তো খেই ধরিয়ে দিয়েই কেটে পালানোর মতলবে তৈরী থাকতাম কিন্তু বাচ্চুদা ছিলেন তার একমাত্র নির্ভেজাল নিরুপদ্রব শ্রোতা চুপ করে শুনেই যেতেন

দুহাজার চোদ্দোর ফুটবল বিশ্বকাপ চলছে তখন বাচ্চুদা তখন রিটায়ারড্ আর যেহেতু নিজে ফুটবল খেলেছেন তাই এসব খেলা কখনোই মিস হোতো না কিন্তু যেহেতু অফিস আর নেই তাই আলোচনা করার ও লোক কম তখন বাচ্চুদার একমাত্র সঙ্গী মুঠোফোন আর খেলার ব্যাপারে আলোচনা চালাতে সেই বিচ্চু বন্ধু যে সত্যিকারেরই অনেক খবর রাখতো আর নিজেও তখন বিচ্চুবাবু অবসর নিয়েছে প্রথম ডিভিশন ক্রিকেট খেলার থেকে  

খেলা দেখছেন বাচ্চুদা জুন মাসের রাত চিলি বনাম স্পেনের দারুন খেলছে চিলি হাফ্টাইমে একবার বাচ্চুদা, বিচ্চু বন্ধুর সাথে আলোচনা করবার ইচ্ছে জেগে উঠলো প্রবলভাবে সেই সকালের চা খাবার পরে একটা সিগারেট ধরিয়ে তারপরের সেই অবধারিত দরজাটা বন্ধ করার মতো ! বোতাম টিপতে গিয়েও মুঠোফোন খানা সরিয়ে রাখলেন পাশে কি জানি ! যদি আলোচনা এক্ষুনি না থামে

খেলা শেষ হলো যখন, তখন রাত সাড়ে দশটা হবে রাতের খাওয়া সেরে নিয়েই বাচ্চুদা নিশ্পিশ্করতে করতে টিপেই ফেললেন বোতামগুলো আর ধৈর্যে কুলোচ্ছিল না 

- হ্যালো, বিচ্চু... এই শোন না আচ্ছা বলতো, ২০১০ এর চিলি আর স্পেনের খেলাটার কি রেজাল্ট হয়েছিল রে ?

- ২০১০ ?  চিলি ?

- আরে হ্যাঁরে বাবা,  চিলি ভার্সেস স্পেন

- আচ্ছা বাচ্চুদা আপনার আজকের এই চিলির খেলা দেখতে দেখতে কি মনে হল বলুন তো ? আগে শুনি একটু

বাচ্চুদা বুঝলেন কেস এবার গঙ্গা পেরোনোর দিকেই যাচ্ছে তবু ওই রেজাল্টের খবরটা তার চাই অগত্যা...

- কেন রে? দারুন খেললো তো ! দু গোলে হারালো স্পেনের মত একটা দলকে দারুন, দারুন !

- তাহলে বুঝলেন কিছু ? কেন এমন খেলতে পারলো আজ চিলি ? 

- আঃ কেন আবার ?  টিম স্পিরিট আজ চিলির খুব ভাল ছিল আর স্পেন ঠিকমত তাল রাখতে পারেনি আজ, তাই

- উফফ্বাচ্চুদা এই হলো আপনার দোষ শুধু খেলাই দেখে যান আর কিছু ভাবার দরকারই মনে করেন না

- আরে এতো মহা মুস্কিল ! খেলা দেখতে গিয়ে আবার কি ভাববো কে কেমন খেলছে সেটাই তো ভাববো, না কি ? আগে তুই বলতো দেখি ২০১০ এর স্পেন আর চিলির রেজাল্টটা অনেক রাত হল তাড়াতাড়ি বল্

- আরে এত তাড়া কেন বাচ্চুদা?  আপনি কি জানেন চিলির কেন এতো
জোশ ?

- কেন ?

- আরে কার দেশ জানেন না আপনি ?

- আরে, কার আবার? দক্ষিণ আমেরিকার এক দেশ চিলি উফফ্

- সেতো সবাই জানে

- তো

- সালভাদোর আলেন্দের নাম আর কজনেই বা জানে ! আপনি জানেন ?

- কেন জানবো না ?

- আপনি জানেন কি এই আলেন্দে মাত্র তিন বছরেই চিলির অর্থনীতি প্রায় আমূল বদলে দিয়েছিলেন ?

- আরে সে সব কাল বলবো তুই ২০১০ এর স্পেন ভার্সেস চিলির রেজাল্টটা আগে বল না বাবা...

- ১৯৭০ তে ভোটে জিতে এই আলেন্দে চিলির প্রেসিডেন্ট হন আরো শুনুন বাচ্চুদা, এই আলেন্দে কিন্তু একজন ডাক্তার ছিলেন ১৯৩৮ সালে সোশ্যালিস্ট পার্টি অব চিলিপপুলার ফ্রন্টনামে এক যৌথ আন্দোলনের সাথে যুক্ত হয় আর তাদের শ্লোগান কি ছিলো জানেন ? ওই সময় ?

- কিরে ?

- রুটি, একটা ছাদ আর কাজের নিশ্চয়তা তখন পপুলার ফ্রন্ট সরকারে তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদ লাভ করেন ১৯৫২ ,১৯৫৮ ও ১৯৬৪ সালগুলোয় তিনি ভোটে দাঁড়িয়েও কিন্তু জিততে পারেন নি  ১৯৭০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পপুলার ইউনিটি নামক কোয়ালিশনের প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান এবার তাকে চিলির কম্যুনিস্ট পার্টিও সমর্থন করে বুঝলেন কিছু ?

- আরে,এবারে ঘুম পাচ্ছে রে তুই কি রেজাল্ট টা বলবি একটু...

-আবার সেই রেজাল্ট আচ্ছা বাচ্চুদা আপনি না কেমন যেন একটা !! একটা দেশ সম্বন্ধে না জেনে এত মন দিয়ে খেলা দেখেন কি করে আমি তো বুঝি না

- আর তোর বুঝেও দরকার নেই ? তুই দীঘা গেছিস কি ?

- কেন যাবো না ?

- তাহলে বলতো কে প্রথম দীঘা কে আবিস্কার করেছিল ?

- এই তো মুস্কিল আপনাদের নিয়ে খালি অন্যদিকে লাইন ঘোরানোর চেষ্টা হচ্ছে একটা বিপ্লবের কথা সেখানে কে প্রথম দীঘা দেখেছিল কি যে না আপনি আগে শুনুন, কি যেন বলছিলাম............ মাঝখানে কথা বলে না, আপনি সব গুলিয়ে দেন কি যেন...কি যেন..., হ্যাঁ...মনে পড়েছে

- আবার পড়েছে মনে ?

- হ্যাঁ শুনুন সব বড় বড় শিল্প জাতীয়করণ করলেন স্বাস্থ্য আর শিক্ষাতে দারুন উন্নতি করেছিলেন সাত থেকে চোদ্দ বছরের স্কুলের ছেলেমেয়েদের বিনে পয়সায় দুধের ব্যবস্থা করলেন ফ্রি বিশ্ববিদ্যালয়ে ভর্তির হার বেড়ে গেল ৮৯% আঠেরো মাসের মধ্যে বড় কৃষক জমিদার আর রইলো না ঘরছাড়াদের ঘর দিলেন বিদ্যুতের দাম কমালেন আর কমালেন বিভিন্ন খাতের ট্যাক্স ভাবুন তো একবার? আর কি করেছিলেন
জানেন? ম্যাটারনিটি লিভ ছ হপ্তা থেকে বাড়িয়ে ১২ হপ্তা করলেন
আর শুনুন, প্রজেক্ট সাইবারসিন (Cybersen) বলে একটি উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা সৃষ্টি করলেন যার মাধ্যমে কলকারখানা থেকে টেলেক্স মেশিন ও কম্পিউটারের সাহায্যে সরকারের সরাসরি যোগাযোগ করার ব্যবস্থা করা হলো বুঝেছেন বাচ্চুদা ?

- এ্যাঁ...কিছু বললি ? খুব ঘুম পাচ্ছে রে...

- আরে এখুনি ঘুম পাচ্ছে ? আগে তো শুনুন এবারে আমেরিকা কি করলো

- কি রে ? নৌবহর পাঠিয়ে দিল ?

- ধ্যাত কাকে দিয়েছি রাজার পার্ট !!!  আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি আরকাইভস-র ডকুমেন্ট থেকে জানা যায়, ১৯৭০ সালেই সিআইএ বলেছিল যে, আলেন্দে সামরিক অভ্যুত্থানে মারা যাবে সেখানে বলা হয়, ’এটা নিশ্চিত এবং অবধারিত বিধান যে, আলেন্দেকে ক্যুর মাধ্যমে সরিয়ে দেয়া হবে.. ... বুঝেছেন !

- বুঝেছি বাবা কিন্তু রেজাল্টটা ?

-  একই বছরে আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সিআইএকে নির্দেশ দিলেন, চিলির অর্থনীতিতে হাহাকার এনে দাও! ব্যস, শাসনতান্ত্রিক সংকট শুরু করা হলো নানা ওজর আর অছিলা সৃষ্টি করে এরপর, ১৯৭৩ সালের সেই, ১১ সেপ্টেম্বর আলেন্দে রেডিওতে সরাসরি বক্তব্য দিচ্ছেন এদিকে দূর থেকে শোনা যাচ্ছে গোলাগুলির আওয়াজ আমার দেশের প্রিয় শ্রমিক জনতা !  চিলির জনগণ ও তাদের আকাংখার উপর আমার বিশ্বাস আছে বিশ্বাসঘাতকতার ভেতর থেকেও নিশ্চয়ই আগামীর যারা আসবে তারা এই অন্ধকার-অসহ্য সময়কে পরাজিত করতে পারবে মনে রাখবেন, দিনক্ষণ সমাগত, বিরাট সম্ভাবনার দরজা খুলে যাবে, যার মাধ্যমে মুক্ত জনতা নতুন একটি ভালো সমাজ গঠনের কাজে এগিয়ে আসবেই চির জাগরূক থাকুক চিলি! ............চিরজীবন বেঁচে থাকুক শ্রমিকসমাজ! বললেন, আমার দেশের প্রিয় শ্রমিক জনতা ! তিনি এই বক্তব্য শেষ করার কিছুক্ষণের মধ্যে ক্ষমতা দখলকারীরা ঘোষনা দিলো, আলেন্দে আত্মহত্যা করেছেন সালভাদর আলেন্দের মৃত্যু হলো

- হলো তাহলে ! এবারে তুই ২০১০ এর স্পেন আর চিলির রেজাল্টটা একটু বল বিচ্চু...

- আরে বলবো তো কত কথা চিলির আচ্ছা বাচ্চুদা ? চিলির সাহিত্য সম্বন্ধে আপনার কোনো ধারনা আছে ?  জানেন কি চিলির সাহিত্যে কে কে নোবেল প্রাইজ পেয়েছিলেন ?

- লে হালুয়া ! ওরে এগারোটা অনেকক্ষণ বেজে গ্যাছে তোর বৌদি রেগে উঠে গিয়ে শুয়েই পড়লো বোধহয় আমায় মশারী ফেলতে হবে রে ! মশারী ছাড়া শুলে তোর বৌদিকে মশায় ছিঁড়ে খাবে রে...

- ১৯৪৫ সালে গ্যাব্রিয়েল মিস্ত্রাল পান সাহিত্যে নোবেল আর ১৯৭১ এ কবি পাবলো নেরুদা আমাদের রবি ঠাকুর পেয়েছিলেন ১৯১৩ সালে আপনি নিশ্চই পাবলো নেরেুদার নাম শুনেছেন ?

 

- শুনেছি বাবা এইটা শুনেছি এবারে বল রেজাল্ট টা... ১৯৭৩ অব্দি এসে আবার তুই ১৯৭১ এ চলে গেলি বলি আর কি কি বলবি, একটু হিন্ট্দে না রে !

- খুব ঘুম পেয়েছে আপনার ? বাচ্চুদা ?

- না রে ! আমার খিদে পেয়েছে আবার এবারে একবার বলে দে না বাবা ২০১০ এর স্পেন আর চিলির ফুটবলের রেজাল্টটা

- আরে এর মাঝে যে আরো অনেক ঘটনা আচ্ছা থাক অনেক রাত হলো আপনার বয়েসও হচ্ছে কাল বাকিটা বলবো আপনাকে কেমন ? হ্যাঁ রেজাল্ট ! তাই তো জানতে চাইছেন ?

- হ্যাঁ রে বিচ্চুউউউউ...

- চিলি হেরে গেছিল স্পেনের কাছে ২-১ গোলে কেন জানেন ?

- না বাবা ওটা কালকে বলিস আজ রাখছি রে ভালো থাকিস কেমন.........!!!

 

(তথ্যের সূত্রের জন্য কৃতজ্ঞতা – “বাঁধ ভাঙার আওয়াজওয়েব পেজ)

##

©গৌতমদত্ত
১২ই মে, ২০১৬